Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবার প্রাথমিকের কারিকুলামে আসছে নতুন চমক!

admin • 09 Aug 2026, 04:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এবার প্রাথমিকের কারিকুলামে আসছে নতুন চমক!

প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে গণিত শেখাতে প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

 

রবিবার (৯ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শুধু বই পড়ে বিজ্ঞান শেখানোর পরিবর্তে খেলতে খেলতে ও হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যেই প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’ ও বিভিন্ন ব্যবহারিক শিক্ষা উপকরণ যুক্ত করা হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার ওপর আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘ম্যাথ ল্যাব’-এ বিভিন্ন উপকরণের মাধ্যমে শিক্ষার্থীরা আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগসহ গণিতের মৌলিক ধারণাগুলো হাতে-কলমে শিখবে।

 

প্রাথমিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে প্রতিটি শিশুর মৌলিক পড়া, লেখা ও গণিতের দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ববি হাজ্জাজ। তাঁর মতে, প্রাথমিক স্তরে শেখার ঘাটতি থেকে গেলে পরবর্তী শিক্ষাজীবনে তা বড় সমস্যা তৈরি করতে পারে।

বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ইউনিফর্মসহ বিভিন্ন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্পে পাওয়া সমস্যা ও সীমাবদ্ধতাগুলোও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার প্রকল্পগুলো শুধু পরিকল্পনানির্ভর নয়, বাস্তবভিত্তিক হতে হবে। প্রতিটি প্রকল্পের সুনির্দিষ্ট বাস্তবায়ন কাঠামো, পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।