Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এক হাতে সবুজ পতাকা, অন্য হাতে সংসারের ভার

admin • 28 Jan 2026, 11:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এক হাতে সবুজ পতাকা, অন্য হাতে সংসারের ভার

কুমারখালীর কাজীপাড়া রেলগেটে প্রতিদিনই দেখা মেলে এক ব্যতিক্রমী দৃশ্যের। এক হাতে সবুজ পতাকা, অন্য হাতে সংসারের অদৃশ্য ভার—দুই দায়িত্ব সমান তালে সামলে যাচ্ছেন গেটম্যান লতিফা ইসলাম লতা। ট্রেন আসার সংকেত পেলেই ভারী লোহার গেট নামানো থেকে শুরু করে ট্রেন নিরাপদে পার হওয়া পর্যন্ত সোজা দাঁড়িয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। এই দৃঢ়তা ও সাহসই তাকে এলাকাবাসীর কাছে পরিচিত করেছে এক সাহসী নারী হিসেবে।

 

কুষ্টিয়ার কুমারখালীতে রেল ক্রসিংয়ের মান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০ সাল থেকে গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন লতিফা ইসলাম লতা। তিন সন্তানের জননী এই নারী সন্তান ও সংসারের দায়িত্বের পাশাপাশি কাজীপাড়া রেলগেটে সতর্কতা, দক্ষতা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ট্রেন আসার সময় কোলের শিশুসন্তানকে আশপাশে যাকে পান তার কাছে দিয়ে সবুজ পতাকা হাতে নিয়ে গেট নামিয়ে দাঁড়িয়ে পড়েন নিজ দায়িত্ব পালনে।

 

দুই শিফটে ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করা এই নারী গেটম্যানের কাজে সন্তুষ্ট সহকর্মীরাও। তারা জানান, ঝুঁকিপূর্ণ এই কাজে লতার মনোযোগ ও দায়িত্ববোধ প্রশংসার দাবি রাখে।

 

গেটম্যান লতার সঙ্গে কথা হলে তিনি জানান, ঝুঁকি থাকলেও প্রতিদিন আট ঘণ্টা মানুষের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেন তিনি। স্বামীকে সহযোগিতা করা, সন্তানদের মানুষ করা এবং চাকরির দায়িত্ব—এই দুই বড় দায়িত্বই একসঙ্গে চালিয়ে যাচ্ছেন। ভালো-মন্দ কথার মাঝেই চলছে তার জীবন। দায়িত্ব নেওয়ার পর থেকে কাজীপাড়া রেলগেটে এখনো কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

স্থানীয়রা বলেন, ঝুঁকিপূর্ণ এই কাজে একজন নারী হয়েও লতা নিয়মিত ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা যতটা পারেন তাকে সহযোগিতা করেন। চাকরি ও সংসার—দুই দিক সামলিয়েও লতার কাজে এখনো কোনো সমস্যা দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।

 

বর্তমান সময়ে নারী-পুরুষের সমান অধিকার ও নারীর ক্ষমতায়নের বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন লতিফা ইসলাম লতা। পরিবার আর দায়িত্ব—দুই পথেই সমান গতিতে এগিয়ে চলা এই নারী কুমারখালীর কাজীপাড়ায় সাহসী নারীর এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার জীবনগাথা প্রমাণ করে—দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সব বাধাই জয় করা সম্ভব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।