বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি আসনে উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।সভা সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, ৬টি আসনের মধ্যে ৩টিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া জাসদ এবং ওয়াকার্স পার্টিকে দেওয়া হয়েছে একটি করে আসন।একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আব্দুল ওদুদ। বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু।
এছাড়া বগুড়া-৪ আসনে মনোনয়ন পেয়েছেন জাসদের হাসানুল হক ইনু। ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন পেয়েছে ওয়াকার্স পাটি এবং ব্রাক্ষ্মণবাড়িয়া-২ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য আসনগুলোতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।





