Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ঈদ উপলক্ষ্যে দুর্গম পাহাড়ে ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

admin • 22 Apr 2023, 09:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঈদ উপলক্ষ্যে দুর্গম পাহাড়ে ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

ঢাকাসহ দেশের প্রতিটি সেনানিবাসে যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

   

শনিবার (২২ এপ্রিল) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

আইএসপিআর জানায়, নামাজ আদায়ের পর সেনাবাহিনী প্রধান পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় মোতায়েনরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের উদ্দেশ্যে বামে লংগদু আর্মি ক্যাম্প, রাঙামাটি রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন। এসময় তিনি উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন।

 

এসময় জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো.নজরুল ইসলাম, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বামে লংগদু আর্মি ক্যাম্প ও রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

 

সেনাবাহিনী প্রধান রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের সব স্তরের সেনা সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

   

তিনিই প্রথম সেনাবাহিনী প্রধান হিসেবে দুর্গম পাহাড়ি অঞ্চলে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঈদের দিন দুর্গম পাহাড়ি আর্মি ক্যাম্পে পরিদর্শনে গেলেন। সেনাবাহিনী প্রধানের এ উদ্যোগ দুর্গম পাহাড়ি অঞ্চলে কর্মরত সেনা সদস্যসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল বহুলাংশে উঁচু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।