ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছের সি ইউনিটের (২০২২-২৩) ১ম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরিক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে ৩২জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে ইউনিট’টির সমন্বয়ক সূত্রে জানা যায়।
শনিবার (২৭ মে) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়। মোট ১৪১৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৩৮৪ জন উপস্থিত হয়ে পরিক্ষা সম্পন্ন করেন। যা শতকরা হিসেবে ৯৭.৭৪ শতাংশ। পরীক্ষা শুরুর প্রায় ১ ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীদের চেকিং এর মাধ্যমে হলে প্রবেশ করানো হয়।
পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং নিরাপত্তার জন্য সম্পূর্ণ ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়। এছাড়াও নিরাপত্তার স্বার্থে পুলিশ, গোয়েন্দা, বিএনসিসি, স্কাউট ও ভ্রাম্যমান আদালতের ব্যবাস্থা ছিলো। সেই সাথে অভিভাবকদের জন্য বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা করা হয়।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার (ভারঃ) এ এইচ আলি হাসান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৩ জুন 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া নিজস্ব পদ্ধতিতে ইবির ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জুন। এবার গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে, একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।





