Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আ.লীগ নেতার নেতৃত্বে বিএনপি নেতাদের মারধর,মামলা নেয়নি পুলিশ

admin • 18 Apr 2026, 06:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আ.লীগ নেতার নেতৃত্বে বিএনপি নেতাদের মারধর,মামলা নেয়নি পুলিশ
জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি আ.লীগ নেতা মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে। একই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও মামলা গ্রহণ না করায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের সাব-রেজিস্ট্রার মোড় এলাকায় মেরুরচর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী খুরশেদ আলম জানান, হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে গত ১০ এপ্রিল রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী বাজার এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী গুরুতর আহত হন। খুরশেদ আলমের অভিযোগ, ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও আট দিন পেরিয়ে গেলেও মামলা রুজু করা হয়নি।
এতে তারা বিচারপ্রাপ্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার এবং মামলা গ্রহণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মামলার উপযুক্ত ঘটনা হলে তা মামলা হিসেবে নেওয়া হয়। এখানে হাটের ইজারা নিয়ে আত্মীয়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তসাপেক্ষ। বাদীপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করলে আইনি দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়া যেত।
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।