পাবনা- ৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের ছেলে ও ক্ষমতাসীন দলের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আরশাদ আদনান। রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির রাজশাহী বিভাগীয় টিমের সদস্য মো. ওয়ালিউর রহমান বুলেট গণমাধ্যমকে এ তথ্য জানান।
এদিকে, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আওয়ামী লীগের মোট ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রাম বিভাগে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি, রংপুর বিভাগে ৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধনে করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, তফসিল ঘোষণা হয়েছে, ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে এসেছি। করণীয় নিয়ে কথা বলছি। নেতাদের নিয়ে বসবো। যারা যোগ্য, পার্লামেন্টারি বোর্ড ও তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিল দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জন্মলগ্ন থেকেই গঠনতন্ত্র মেনে চলে, সংবিধান মেনে চলে। প্রতিটি কাজ সুচারুভাবে করে। পার্লামেন্টারি বোর্ড বসে, জনপ্রিয়তা দেখে কার্যক্রম দেখে প্রার্থিতা চূড়ান্ত করবো। দলীয় কাজ গঠনতন্ত্র মেনে, সুগঠিতভাবে করে থাকি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ভেবেছিলাম অন্যান্য দলও নির্বাচনে আসবে। যারা নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে তাদের সাধুবাদ জানাই। আর যাদের মানুষের ওপর আস্থা, বিশ্বাস নেই এবং দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন বানচাল করলে দেশের ক্ষতি হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ বছর ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা।





