আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে প্রার্থী হওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিল খান।
শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এ চিত্রনায়ক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপাল ও মোংলার আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, আমি শতভাগ আশাবাদী। আমাদের প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন। আর মনোনয়ন পেলে রামপাল মোংলা আসন থেকে আমি নির্বাচনে অংশ নিতে চাই।
এ নায়ক বলেন, আমি ছাত্রজীবন থেকেই সাধারণ মানুষের জন্য রাজনীতি করে আসছি। পর্দায় কাজ করলেও পাশাপাশি সবসময় জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার জন্য বিগত দিনেও আওয়ামী লীগের কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে থেকেছি।
তিনি বলেন, আমাকে রামপাল-মোংলার সাধারণ মানুষ ভালোবাসে। আশা করছি আমাদের প্রধানমন্ত্রী আসন্ন এ নির্বাচনে আমাকে অংশগ্রহণের সুযোগ দিয়ে মূল্যায়ন করবেন।
এ নায়ক এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। বিগত দিনগুলোয় এ এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে আসছেন শাকিল খান।





