Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ফুটবল

আজ ম্যারাডোনার যে রেকর্ড স্পর্শ করবেন মেসি

admin • 26 Nov 2022, 04:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আজ ম্যারাডোনার যে রেকর্ড স্পর্শ করবেন মেসি

বিশ্বকাপে টিকে থাকতে হলে মেক্সিকোর বিপক্ষে আজ জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। এমন পরিস্থিতিতে নিজেকে উজাড় করে খেলার চেষ্টাই করবেন লিওনেল মেসি। আর আজকের ম্যাচেই মেসিকে হাতছানি দিয়ে ডাকছে ম্যারাডোনার একটি রেকর্ড।

 

লুসাইলে আজ বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি খেলতে পুরোপুরি ফিট মেসি, কাল আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

 

অর্থাৎ, মেসির আজ মাঠে নামা শতভাগ নিশ্চিত বলা চলে। সে হিসেবে আজই ম্যারাডোনার সেই রেকর্ডটির পাশে বসবেন মেসি।

 

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ড ডিয়েগো ম্যারাডোনার। ১৯৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ১৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত এই ম্যাচগুলো খেলেছিলেন। সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে নিজের ২০তম ম্যাচটি খেলেন মেসি।

 

অর্থাৎ, আজ মেক্সিকোর বিপক্ষে মেসি মাঠে নামলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি ম্যারাডোনার একার দখলে আর থাকবে না। ভাগ থাকবে মেসিরও।

 

তবে সেটি সম্ভবত ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার শেষ ম্যাচের আগপর্যন্ত। কেননা, পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচে মেসি নামলে রেকর্ডটি পিএসজি তারকার একার দখলে চলে যাবে।

 

সৌদি আরবের বিপক্ষেও রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলা খেলোয়াড়দের তালিকায় নাম লেখান সেদিন।

   

পরে পর্তুগালের হয়ে মাঠে নেমে ক্রিস্টিয়ানো রোনালদোও এ রেকর্ডে নাম লিখিয়েছেন। তবে বিশ্বকাপে মেসির চেয়ে কম ম্যাচ খেলেছেন রোনালদো। ১৮ ম্যাচ খেলা পর্তুগিজ তারকার চেয়ে ২ ম্যাচ ব্যবধানে এগিয়ে মেসি।

   

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লোথার ম্যাথাউসের। আর্জেন্টিনা ফাইনালে উঠলে এবং মেসি এই পথে দলের হয়ে সব ম্যাচ খেললে ম্যাথাউসকে টপকে রেকর্ডটি নিজের করে নেবেন। তবে সেমিফাইনালে আর্জেন্টিনা হারলেও সুযোগ থাকবে—তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।