অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও গণমানুষের নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ এপ্রিল)। ১৯৬২ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন এই নেতা। ফজলুল হক ছিলেন অখণ্ড ভারতের এক অবিসংবাদিত নেতা, যিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করেছেন।
তার রাজনৈতিক আপসহীনতা ও মমত্ববোধ তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল। উল্লেখ্য, ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরে জন্মগ্রহণ করা এই মহান নেতা তার বর্ণাঢ্য জীবনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর এবং কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়রসহ অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনে শেরে বাংলার অবদান ছিল অবিস্মরণীয়। ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ২১ দফা দাবির প্রণেতা হিসেবে তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। শিক্ষানুরাগী ও সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত কিংবদন্তি হিসেবে পরিচিত এই নেতার রাজনৈতিক দর্শন ও অসীম সাহস আজও এদেশের মানুষের জন্য প্রেরণার উৎস।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তা দিয়েছেন এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও আলোচনা সভা।
এক্সক্লসিভ
অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকী আজ
admin
• 27 Apr 2026, 04:57 PM
• পঠিত 0 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





