Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

অনৈতিক কাজের অভিযোগে বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অনৈতিক কাজের অভিযোগে বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল সোমবার (১৭ এপ্রিল) রাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ এপ্রিল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরগুনা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি সত্ত্বর বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

 

সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত অন্য একটি দলীয় চিঠিতে বলা হয়, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক, অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের আলোকে বরগুনা জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো।

 

সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর বিএনপির কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

 

জানা যায়, গত বছরের ৮ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বরগুনা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

   

কমিটি গঠনের মাত্র ১০ মাসের মধ্যেই নানান অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক ছিলেন মাহবুব আলম ফারুক মোল্লা। সদস্য সচিব ছিলেন তারিকুজ্জামান টিটু। টিটু চলতি বছরের ৮ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা বলেন, জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার বিষয় তিনি কোনো কিছু জানেন না। তার কাছে এখন পর্যন্ত কোনো চিঠি আসেনি।

 

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, দল মনে করেছে বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করার দরকার। তাই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখানে অন্য কিছু নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।