ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি ও কাঁচামাল আমদানি বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ভোক্তা অধিকার সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা রিটের প্রেক্ষিতে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
রিটকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, ওষুধের মূল্য নির্ধারণ সরকারের করে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি।
গত ১৫ মাসে ১১৭টি ওষুধের দাম ১৩ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে ইচ্ছেমতো মুনাফা করছে ওষুধ কোম্পানিগুলো। কিন্তু, তা নিয়ন্ত্রণে নেই কোনো নজরদারি কিংবা কার্যকর ব্যবস্থা।
এই পরিস্থিতিতে নাগরিকদের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করে ক্যাব।





