গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।
শুক্রবার (৮ই আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে জবি সাংবাদিক নেতারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
এই হত্যাকাণ্ডের নিন্দা ও বিচারের দাবি জানানোর পাশাপাশি তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জবিসাসের দপ্তর সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাকেরুল ইসলাম বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।
মানববন্ধনে জবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিবেদক ইমরান হুসাইন বলেন, আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।
আমি সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। মানববন্ধনে জবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ জবিসাসের কার্যকরী ও সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন।





