জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, লেখাপড়ার বিকল্প নাই। লেখাপড়া না করলে বড় হওয়া যাবে না। লেখাপড়া না করলে চাকরি পাওয়া যাবে না।
শুক্রবার বেলা ১১টার দিকে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ বাংলাদেশর নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি। লেখাপড়া না করলে কোনো লাভ হবে না। যতই হরতাল ও অবরোধ করেন নকল করে অটোপাশ করার সুযোগ আর হবে না। আমি অভিভাবক, শিক্ষক ও ছাত্র সকলের কাছে অনুরোধ পড়ার টেবিলে বসতে হবে। লেখাপড়া না করলে বড় হওয়া যাবে না।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে, নাটোর পৌরসভার ১নং ওয়ার্ডের খানা মহল্লার পার্থ সরকারের বাড়ি হতে সুখদেব স্টোর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের শুভ উদ্বোধন করেন হুইপ দুলু।





