Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিএসএমএমইউতে দুর্বৃত্তদের আগুন, আন্দোলনকারীদের দখলে শাহবাগ

admin • 04 Aug 2024, 01:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিএসএমএমইউতে দুর্বৃত্তদের আগুন, আন্দোলনকারীদের দখলে শাহবাগ

ছাত্রলীগ-আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে- গাড়িতে আগুন দেওয়া বা কোনো নাশকতা তারা করেনি। রোববার (৪ আগস্ট) সকালে সোয়া ১১টায় দিকে শাহবাগে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, বিএসএমএমইউ ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এছাড়া একটি মোটর সাইকেলেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, রোববার ১১টার দিকে ছাত্রলীগ-আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বিএসএমএমইউ’র ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিএসএমএমইউ এক নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় হাসপাতালের ভেতরে থাকা প্রায় ৫০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতাল বিল্ডিংয়ের নিচতলার মার্কেটের ভিতর থেকে মোটরসাইকেল বের করে তাতে আগুন দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীরা জানায়, তারা নয় দফা নয় এক দফাতে অটল। তারা নাশকতা গাড়ি, ভাঙচুর এসবে বিশ্বাসী না। তাদের দাবি একটি পক্ষ এসে এসব গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে।

আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগ-যুবলীগ প্রথম হামলা চালিয়েছে। তারা বিএসএমএমইউ’র ওপর থেকে ইট-পাটকেল ছুঁড়েছে। যদিও আন্দোলনকারীদের এই অভিযোগ পাল্টা কোনো জবাব ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের কাছ থেকে নেওয়া সম্ভব হয়নি।

তাছাড়া ছাত্রলীগ-আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর শাহবাগ এলাকায় ছাত্রলীগের উপস্থিতি সেভাবে দেখা যায়নি। পুরো শাহবাগ এলাকা বিক্ষোভ ও গণসমাবেশ পালন করতে দখলে নিয়েছে আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে শাহবাগে অবস্থান নিয়েছেন, বলে জানিয়েছেন তারা। এদিকে বিপুল শিক্ষার্থীদের অবস্থানে কারণে শাহবাগে সৃষ্ট অবরোধের ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে শাহবাগ থানার সম্মুখে বেশ কয়েকজন পুলিশেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। যদিও বিগত দিনগুলোতে পুলিশের যেমন উপস্থিতি লক্ষ্য করা যেতো তা যায়নি।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা ১১টা থেকে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালনের ঘোষণা দেন। এর আগে আসিফ এই সর্বাত্মক অসহযোগে কী করা যাবে, কী করা যাবে না—তাও জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

যদিও গত শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নয় দফা দাবি থেকে সরে এসে এক দফা দাবির ঘোষণা দেন এবং রোববার থেকে শুরু হয় অনির্দিষ্টকালের জন্য এই ‘অসহযোগ আন্দোলন’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।