Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পুরানা পল্টনে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

admin • 17 Jul 2024, 07:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পুরানা পল্টনে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বিএনপি কর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বায়তুল মোকাররম-পুরানা পল্টনসহ আশপাশের এলাকা। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা কর্মসূচি ঘিরে বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দাবি, সরকার জনগণকে ভয় পায় বলেই গায়েবানা জানাজাতেও বাধা দিচ্ছে।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বাদ যোহর বায়তুল মোকাররম উত্তর গেইটে গায়েবানা জানাজা শেষে মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিএনপি কর্মীদের।

মুহূর্তেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বায়তুল মোকাররম উত্তর গেইট, পুরানা পল্টনসহ আশপাশের এলাকায়। বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গায়েবানা জানাজা ঘিরে বেলা ১২টা থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করে বায়তুল মোকাররম এলাকায়।

জানাজার আগেও কয়েক দফা বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ। তখন বিএনপি কর্মী সন্দেহে আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশ বলছে, মসজিদ থেকে বের হয়ে বিএনপি কর্মীরা সড়কে বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিহত করা হয়। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে।

পুলিশের মতিঝিল জোনের উপ–কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। পরে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনেছি।’

এদিকে, পুলিশি বাধা উপেক্ষা করে বায়তুল মোকাররমের উত্তর গেইটে গায়েবানা জানাজায় যোগ দেন বিএনপি মহাসচিবসহ দলটির জ্যেষ্ঠ নেতারা। জানাজা শেষে বিএনপি মহাসচিব বলেন, চলমান সংকট শান্তিপূর্ণ ভাবে সমাধান না করে উল্টো পথে হাঁটছে সরকার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভয়াবহ, এরকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনও দেখিনি। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, ছাত্রদের ন্যায় সংগত দাবি কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মাধ্যমেই শেষ করতে পারত। শুধুমাত্র জেদের কারণে আজকে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

সংঘর্ষ চলাকালে পুরানা পল্টন এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।