বাংলাদেশে জায়ামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখন নির্বাচনের সময় নয়, এটি সংকট সমাধানের সময়। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। অতীতের কলুষিত বাংলাদেশ দেখতে চায় না ছাত্র-জনতা। শুক্রবার (২৩ আগস্ট) রাজধানী একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর কৌশলের কাছে কোনো ষড়যন্ত্র টিকে না। গেল ১৭ বছরের যন্ত্রণা সরিয়ে দিয়েছেন আল্লাহ। প্রতিশোধের রাজনীতি করবো না। দলগত নয়, ব্যক্তি অপরাধী হলে আইন অনুযায়ী তার বিচার হবে।
লগি বৈঠার আন্দোলন থেকে ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার অত্যাচারের সীমা ছাড়িয়েছিল জানিয়ে জামায়াত আমির বলেন, প্রথম আঘাত সেনাবাহিনীর ওপর হয়েছিল। এরপর জামায়াতসহ সারা দেশের মানুষের ওপর আঘাত দিয়েছিলো। নিত্যপণ্যের দাম ছিলো আকাশছোঁয়া। উন্নয়নের নামে দেশ ফোকলা করেছে গেল সরকার।
তিনি বলেন, কোনোকিছু গোপন থাকবে না। ফতোয়া দিয়ে সারা দেশের মানুষকে রাজাকার বানিয়েছে আওয়ামী লীগ সরকার। পরিবার জানতো না স্বজনেরা বেঁচে ছিলো কিনা। নিজ দেশের মানুষের সঙ্গে এমন আচরণ মেনে নেয়া যায় না। এ সময় দুর্বৃত্তদের পরিচয় সবার সামনে তুলে ধরার আহ্বান তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সারা দেশে সাম্প্রদায়িক হামলা করে জামায়াতের ওপর দায় চাপাতো, যেটা আজ পরিষ্কার। বিচারকরা বিচার নয়, উপরের আদেশ পালন করেছেন। বিচারের নামে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে।





