Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান

admin • 07 Aug 2025, 10:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনিই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেই সময়কে সামনে রেখে, আমাদের ধারণা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন।

 

বিএনপির প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে তার একটি সৌজন্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংকট উত্তরণে বিএনপির পরিকল্পনা এবং তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তার কর্মপন্থা ও দৃষ্টিভঙ্গি কী হবে, সেসব বিষয় তুলে ধরা হয়েছে।

 

এই সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানের শেষ পর্বে, বিএনপি নেতা হুমায়ুন কবির চলতি বছরে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।