ছাত্রদের আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পাশাপাশি দেশও ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে দেশে চলছে বিশেষ অবস্থা। পুলিশের ওপর আসা জনতার আক্রমণের জেরে অনেকটাই নিষ্ক্রিয় তারা।
এ অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন শিক্ষার্থীরা। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণও করছেন তারা। এই শিক্ষার্থীদের ফুল, খাবার দিয়ে ভালোবাসা জানাচ্ছেন অনেকে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
বৃহস্পতিবার দুপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের জন্য খাবার বিতরণ করে বিসিবি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে প্রায় আড়াইশ প্যাকেট খাবার বিতরণ করেন মিডিয়া বিভাগের কর্মীরা।
এছাড়া বিসিবিতে নানাভাবে স্মরণ করা হচ্ছে কয়েকদিন আগে হয়ে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের শহীদদের। একটি বড় ব্যানারও লাগানো হয়েছে। অনুশীলনের আগে নিরবতা পালন ও দোয়া করেছেন ক্রিকেটাররা।





