Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

admin • 14 Jul 2025, 07:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

 বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় ‘জুলাই বিপ্লব’। এই ঐতিহাসিক ঘটনার স্মৃতিকে চিরভাস্বর করে রাখতে জামালপুরে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’। সোমবার (১৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজের মহিলা হোস্টেলের সামনে স্মৃতি স্তম্ভটির কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগম।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক, শহীদ ও আহতদের পরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন আগত অতিথিরা। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “জুলাই বিপ্লব ছিল দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল মাইলফলক। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। এই স্তম্ভ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা এবং অধিকার আদায়ের অনুপ্রেরণা জোগাবে।” বক্তব্যে জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন, “আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল শহীদদের, যারা গণতন্ত্র ও ন্যায়ের পথে জীবন বিসর্জন দিয়েছেন।

 

এই স্তম্ভ ইতিহাসকে মনে করিয়ে দেওয়ার পাশাপাশি আগামী দিনের পথচলায় আমাদের সাহস ও প্রেরণা জোগাবে।” শহীদ পরিবারের সদস্যরা বলেন, “জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিচার আজও সম্পন্ন হয়নি।

 

আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, দ্রুত বিচার সম্পন্ন করে সংবিধান সংস্কারের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করা হোক। তাহলেই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং জুলাই চেতনার বাস্তবায়ন।” অনুষ্ঠান শেষে শহীদদের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।