Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় নৌ-পুলিশের ওপর হামলা, মূল হোতা গ্রেপ্তার

admin • 03 May 2026, 05:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় নৌ-পুলিশের ওপর হামলা, মূল হোতা গ্রেপ্তার

​কুষ্টিয়ার নৌ-পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনার মূল হোতা আব্দুল আলীম ওরফে চিকন আলীমকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার হওয়া আলীমের বাড়ি কুমারখালী উপজেলার দয়ারামপুর ঘোষপাড়া গ্রামে।

 

গতকাল শনিবার বিকেলে রাজধানীর মিরপুর-১৪ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আলীমকে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর-১৪ এলাকার পুলিশ কোয়ার্টারের সামনে অভিযান চালায় র‍্যাব-১২ ও র‍্যাব-৩-এর একটি যৌথ দল। একটি ফুট ওভারব্রিজের নিচ থেকে গ্রেপ্তার করা হয় আলীমকে।

 

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার কুমারখালী, খোকসা ও পদ্মা নদী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন আলীম। পলাতক চরমপন্থি নেতা কালুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার এবং অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি।

 

​র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, নৌ-পুলিশের ওপর হামলার পর থেকেই আত্মগোপনে চলে যায় আলীম। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

গত ২২ এপ্রিল রাতে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ঘাটসংলগ্ন পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে যায় লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশের একটি দল। এ সময় একটি স্পিডবোটে এসে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে ৮-৯ জন দুষ্কৃতকারী। এই হামলায় আহত হন নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য ও নৌকার মাঝি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।