কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিভিন্ন থানা হেফাজতে প্রশ্ন পুড়ে যাওয়ায় শেষ করা যায়নি এইচএসসি ও সমমান পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত ১১ আগস্ট থেকে শুরু করার কথা থাকলেও তা হয়নি। একমাস পিছিয়ে আগামী ১১ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা আছে। তবে আর পরীক্ষায় বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা। অনেকের দাবি অটোপাসের।
পরীক্ষার্থীরা বলছে, অনেক পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে চিকিৎসাধীন। বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে সোমবারও (১৯ আগস্ট) অটোপাসের দাবিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা অটোপাস চাইছে। আমরা বোর্ডের চেয়ারম্যান বা কর্মকর্তারা তো এ সিদ্ধান্ত নিতে পারি না। এটা সরকারের সিদ্ধান্ত।
এ বিষয়ে নতুন শিক্ষাসচিব ড. শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিষয়টি অবগত। শিক্ষা বোর্ড কী বলছে বা কী সমস্যা, সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে। যে সিদ্ধান্ত নেয়া হোক, তা বোর্ডে জানানো হবে। বোর্ড সেই মোতাবেক কাজ করবে।’
গেল ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। স্থগিত পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা আছে।





